শ্রীলঙ্কার মাটিতে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ ক্রিকেট দল। কলম্বোতে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের দাপুটে জয়ে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়েছে লিটন দাসের দল।
প্রথমে বল হাতে স্পিনার শেখ মেহেদী দলের জন্য কাজটা সহজ করে দেন। ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় শিকার করেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। ফলে স্বাগতিক শ্রীলঙ্কা থামে ১৩২ রানে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই পারভেজ ইমন শূন্য রানে ফিরে গেলেও বাংলাদেশ হতোদ্যম হয়নি। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে হেসেখেলেই জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা।
৪৭ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তামিম, যেখানে ছিল ১টি চার আর ৬টি বিশাল ছক্কা। লিটন দাসও ২৬ বলে ৩২ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। শেষ দিকে তাওহীদ হৃদয় ২৫ বলে ২৭ রান করে তামিমকে যোগ্য সঙ্গ দেন।
ম্যাচ শেষ হয় ২১ বল হাতে রেখেই। আর এই জয়ের মধ্য দিয়ে লঙ্কানদের বিপক্ষে দীর্ঘদিনের অপেক্ষা ঘুচিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ করল বাংলাদেশ।
আর এইচ/
