জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার (১৬ জুলাই) নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে পেকুয়া উপজেলা প্রশাসন, বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালেই কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির ও সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে ছাত্রদলের একটি প্রতিনিধি দল শহীদ ওয়াসিমের পেকুয়া মেহেরনামা গ্রামের কবর জিয়ারত করেন। পরে তারা শহীদ ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে দেখা করে পরিবারের খোঁজখবর নেন।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির উদ্দীন নাসির বলেন, “ওয়াসিমের মৃত্যুবার্ষিকীতে সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি, যা আমাদের হতাশ করেছে। যে স্বপ্ন বুকে ধারণ করে ওয়াসিম শহীদ হয়েছিল, সেই স্বপ্ন আজও অপূর্ণ রয়ে গেছে।”
এদিকে পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাইয়ের গল্প’ বলা, গ্রাফিতি উন্মোচন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা সম্মেলন কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেনের সভাপতিত্বে। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা, কৃষি কর্মকর্তা মো. ঈশা, জামায়াত নেতা অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, প্রধান শিক্ষক আবুল হাসেম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ হোসাইন, সদস্য সচিব মারেফুল ইসলাম, নাইমুর রহমান, এহছানুল হক এবং সাংবাদিক এফ এম সুমন।
অনুষ্ঠানে শহীদ ওয়াসিম আকরামের মা জোসনা বেগম, বোন সাবরিনা ইয়াসমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
