খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার চেঙ্গী নদী থেকে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে মহালছড়ি থানা পুলিশ।
বুধবার দুপুরের দিকে মহালছড়ি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বোয়াট্রাপাড়ার পাশে চেঙ্গী নদীতে ভাসমান একটি লাশ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি তারা দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি ৪ নম্বর ওয়ার্ড মেম্বার বিনত চাকমাকে অবহিত করলে তিনি মহালছড়ি থানা ও উপজেলা প্রশাসনকে খবর দেন।
সংবাদ পেয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিকাল ৩টার দিকে পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মহালছড়ি থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, “অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।”
উল্লেখ্য, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ঘটনাটির যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
আর এইচ/
