যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। তবে এই সময়ের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে শুল্ক আরোপ করা হবে বলে জানানো হয়েছে।
নতুন শুল্কের আওতায় বাংলাদেশের পাশাপাশি জাপান, কোরিয়া, মিয়ানমারসহ ১৪টি দেশের পণ্যও রয়েছে। ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এসব দেশের নেতাদের কাছে পাঠানো চিঠি প্রকাশ করেছেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, বিদ্যমান শুল্কের সাথে এই অতিরিক্ত শুল্কও কার্যকর হবে। এমনকি ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য গেলেও শুল্ক প্রযোজ্য হবে।
ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্ক আরোপ জরুরি। তবে বাংলাদেশের কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন করে, তাহলে শুল্ক মওকুফ করা হতে পারে।”
ইতিমধ্যে শুল্ক ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে অবস্থান করছে। গত এপ্রিলেও ট্রাম্প ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন, যা পরে স্থগিত করা হয়।
ট্রাম্প প্রশাসনের দাবি, নতুন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে। তবে অর্থনীতিবিদদের মতে, এতে পণ্যের দাম বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হতে পারে।
সূত্র: বিবিসি বাংলা
