চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনার দায়িত্ব ছয় মাসের জন্য পেয়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। সোমবার (৭ জুলাই) সাইফ পাওয়ার টেক লিমিটেডের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবে প্রতিষ্ঠানটি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এই পরিবর্তনের ফলে বন্দরভিত্তিক সিন্ডিকেট দুর্বল হবে, দুর্নীতি কমবে এবং রাজস্ব আয় বৃদ্ধি পাবে। তিনি একে ‘ঐতিহাসিক পরিবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন।
উল্লেখ্য, নির্বাচনকালীন সরকার সাইফ পাওয়ারটেকের সঙ্গে বর্তমান চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। ২০০৭ সালের মে মাসে নির্মিত নিউ মুরিং কনটেইনার টার্মিনালটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় অংশ পরিচালনা করছে।
মূলত জাহাজ মেরামতের জন্য প্রতিষ্ঠিত সিডিডিএল ২০১৫ সালে বাংলাদেশ নৌবাহিনীর অধীনে যায়। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন এই লিমিটেড কোম্পানি সরাসরি ক্রয় পদ্ধতিতে টার্মিনালের দায়িত্ব নিচ্ছে। প্রাথমিক মেয়াদ শেষে আন্তর্জাতিক অপারেটর যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন আজাদ।
বাংলাদেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ৯২ শতাংশই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। ক্রমবর্ধমান কনটেইনার চাপ সামাল দিতে ১ হাজার মিটার দীর্ঘ জেটি ও ৬৫ একর জমিতে নির্মিত এই টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
