সৌদি প্রবাসী রুবেলের মরদেহ নিয়ে ফটিকছড়ি যাওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স ও লড়ি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা (কালিকাপুর) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবেলের বড় ভাই বাবুল (৩২) ও প্রতিবেশী ওসমান মিয়া (৪০)। আহত বশির মিয়া (৩০) প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সৌদি আরবে মারা যাওয়া রুবেলের মরদেহের আইনী প্রক্রিয়া শেষে শনিবার সকালেই ঢাকা থেকে ফটিকছড়ি আনা হচ্ছিল। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন জানান, লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় নিহত ও আহত সবাই ফটিকছড়ির ভূজপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
আর এইচ/
