বৃষ্টি ও জোয়ারের পানির তোড়ে ভেঙে দুই ভাগ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়াঁগড়-সিংহরা সংযোগ সড়ক। বৃহস্পতিবার টানা বৃষ্টি আর জোয়ারের চাপে সড়কটি ভেঙে গেলে ওই পথে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে চাতরী, কেয়াঁগড় ও সিংহরা—এই তিন গ্রামের কয়েক হাজার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
স্থানীয় বাসিন্দা কেয়াঁগড় গ্রামের সুকুমার ও সিংহরা গ্রামের মহিউদ্দিন জানান, এ রাস্তা দিয়েই গ্রামের মানুষ কর্মস্থল, হাটবাজার ও স্কুল-কলেজে যাতায়াত করে। সড়ক ভেঙে যাওয়ায় শিক্ষার্থী ও কৃষকসহ সব শ্রেণির মানুষ বিপাকে পড়েছে। দ্রুত মেরামত না হলে পাশের ফসলি জমিগুলোও ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।
চাতরী ইউনিয়ন পরিষদের সদস্য হাছান তারেক জানান, সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। তবে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে ভাঙন আরও বিস্তৃত হওয়ার শঙ্কা রয়েছে।
আনোয়ারা সিটিজেন ফোরামের আহ্বায়ক সাংবাদিক তৌহিদুল আলম বলেন, ‘চাতরী-কেয়াঁগড়-সিংহরা সংযোগ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের পর বছর সংস্কার হলেও টেকসই উন্নয়ন হয় না। ফলে প্রতিবছর বর্ষায় একই অবস্থা তৈরি হয়, সরকারি অর্থও অপচয় হয়। আমরা দ্রুত টেকসইভাবে রাস্তাটি মেরামতের জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘সড়কটি ভেঙে যাওয়ার খবর আমরা পেয়েছি। দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
আর এইচ/
