পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে নগরীর খুলশী এলাকায় ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা জানান, পটিয়ায় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে তারা সেখানে অবস্থান নিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করতে গেলে পুলিশ তাদের সহযোগিতা না করে উল্টো হামলা চালায়। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান তারা।
বিক্ষোভস্থলে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আর এইচ/
