পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়া-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা। বুধবার (২ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফির নেতৃত্বে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি তুলেছেন পটিয়া থানার ওসি আবু জায়েদসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের অপসারণ ও মঙ্গলবার রাতে সংঘটিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার।
জানা গেছে, মঙ্গলবার (১ জুলাই) রাতে পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্ররা এক ছাত্রলীগ নেতাকে ধরে থানায় সোপর্দ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল থেকে সড়কে নেমে আসে।
চার ঘণ্টা ধরে চলা অবরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কথা বলছেন।
এদিকে শিক্ষার্থীরা দুপুর ৪টায় এক সংবাদ সম্মেলনে অর্ধঘণ্টার আল্টিমেটাম দেন। তারা জানান, তাদের তিন দফা দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সায়েদুল বলেন, ‘চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, পটিয়া থানার ওসি আবু জায়েদ এবং সেকেন্ড অফিসার আসাদকে অপসারণ করতে হবে।’
ঘটনাস্থলে দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্মকর্তা তানজিল বলেন, ‘আপনাদের দাবির সঙ্গে আমরা একমত। বিষয়টি নিয়ে আমরা উপর মহলের সঙ্গে কথা বলছি।’ পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আর এইচ/চট্টগ্রাম নিউজ
