কক্সবাজারের উখিয়ায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ইফাত রিমু (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার এক সহপাঠী।
রোববার দুপুর দেড়টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী স্টেশনের পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিমু উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে এবং স্থানীয় খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, রিমু ও তার এক সহপাঠী দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল। এ সময় টেকনাফগামী ‘সীমান্ত স্পেশাল সার্ভিস’ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমুকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর চালক ও সহকারী বাসটি ফেলে রেখে পালিয়ে যায় । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
আর এইচ/
