জুলাই মাসজুড়ে সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের ৬৪টি জেলায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে। নাহিদ ইসলাম বলেন, “১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু হয়। এ দিনটিকে আমরা বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব।”
তিনি আরও জানান, ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রজনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের কর্মসূচি রয়েছে। এছাড়া ৫ আগস্ট গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দাবি করে, দিনটিকে ‘ছাত্রজনতার মুক্তি দিবস’ হিসেবে পালন করবে এনসিপি।
সংবাদ সম্মেলনে মো. নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ হলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি। সরকার ব্যর্থ হয়েছে, তাই এবার আমরা নিজেরাই ঘোষণা দেবো।”
এছাড়া ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত থেকেও সরকারকে সরে আসার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
আর এইচ/
