আজ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সে হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় ২৪৩৮ জন ও আলিম পরীক্ষায় ৪৪৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১ টার সময় চকরিয়ার কয়েকটি পরীক্ষার কেন্দ্রে ঘুরে দেখা যায়। পরীক্ষার্থীরা খুব সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা দিচ্ছে। এছাড়া পরীক্ষার কেন্দ্র গুলো অনেক নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।
এবার চকরিয়ায় মোট ৫ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা ও ১টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলো হল চকরিয়া সরকারি কলেজ, চকরিয়া আবাসিক মহিলা কলেজ, চকরিয়া সিটি কলেজ, বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয় ও ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়। আলিম পরীক্ষার কেন্দ্র হচ্ছে চকরিয়া শাহারবিল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা।
চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীরা খুব সুশৃংখল ভাবে পরীক্ষা দিচ্ছে। এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা গেছে খুর নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এইচএসসি ও আলিম পরীক্ষার কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী পরীক্ষার্থীদের নিরাপত্তার কাজ করে যাচ্ছে। পরীক্ষার কেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে জন্য কতৃপক্ষ রীতিমতো কাজ করে যাচ্ছে। প্রত্যেকটি কেন্দ্রের সচিবদের সাথে যোগাযোগ রাখা হয়েছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। এছাড়া নকল মুক্ত পরীক্ষা আয়োজন করার জন্য সবাই সতর্ক রয়েছে।
উল্লেখ্য, আজ ২৬ জুন সকাল ১০ টার সময় শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ আগষ্ট শেষ হবে। এরপর ১১ আগষ্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগষ্ট শেষ হবে।
