বাংলা প্রথমপত্রের মাধ্যমে আজ (২৬ জুন) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ৩০৭টি কলেজ থেকে মোট ১ লাখ ২ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা গেছে, মোট ১১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে মাঠে রয়েছে ৩০টি সাধারণ ও ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৪৫ হাজার ৮০৪ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৯৮৪ জন।
এরমধ্যে বিজ্ঞান শাখার রয়েছে ২২ হাজার ৬৮৬ জন, এরমধ্যে ছাত্র ১০ হাজার ৮০৪ জন ও ১১ হাজার ৮৮২ জন ছাত্রী। মানবিক শাখার রয়েছে ৪৬ হাজার ৭১৮ জন, এরমধ্যে ১৮ হাজার ১৮৮ জন ছাত্র ও ২৮ হাজার ৫৩০ জন ছাত্রী রয়েছে। ব্যবসায় শিক্ষা শাখার রয়েছে ৩৩ হাজার ৫৭০ জন, এরমধ্যে ১৬ হাজার ৯৯৮ জন ছাত্র ও ১৬ হাজার ৫৭২ জন ছাত্রী রয়েছে এবং গাহর্স্থ্যের একজন ছাত্রী রয়েছে। মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭১ হাজার ৫২৩। এরমধ্যে ছাত্র ৩১ হাজার ৮৩৯ জন এবং ছাত্রী ৩৯ হাজার ৬৮৪ জন। শুধু মহানগরের পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৫৮৪ জন। এছাড়া কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৫, যার মধ্যে ছাত্র ৪ হাজার ৭২২ ও ছাত্রী ৭ হাজার ২৮৪। রাঙামাটিতে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫৫৪, যার মধ্যে ছাত্র ২ হাজার ৪১৬ এবং ছাত্রী ৩ হাজার ১৩৮। খাগড়াছড়িতে ৭ হাজার ৮২ জন পরীক্ষার্থী রয়েছেন, ছাত্র ৩ হাজার ৩০৬ ও ছাত্রী ৩ হাজার ৭৭৬। বান্দরবানে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮৭১, যার মধ্যে ছাত্র ১ হাজার ৮৫৬ এবং ছাত্রী ২ হাজার ১৫। গত বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ২৮৭টি কলেজের অংশ নিয়েছিল ১ লাখ ৬ হাজার ৩৪ জন শিক্ষার্থী।
এবছর চট্টগ্রাম মহানগর এলাকায় ২৭টি, বিভিন্ন উপজেলায় ৪২টি, কক্সবাজারে ১৮টি, রাঙামাটিতে ১০টি, খাগড়াছড়িতে ১০টি এবং বান্দরবানে ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, “করোনা ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সকল পরীক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী রাখা বাধ্যতামূলক।”
তিনি আরও বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি এবং সকলের সহযোগিতা কামনা করছি।”
আর এইচ/
