বাইকের গতিরোধ করতে গিয়ে ধাক্কা দেয় দায়িত্বরত এক পুলিশ সদস্য। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অন্য এক পুলিশ সদস্যকে গিয়ে ধাক্কা দিলে তিনি ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে থেঁতলে যায় ওই পুলিশ সদস্যের ডান পা। পরে হাসপাতালে তাঁর পা কেটে ফেলতে হয়।
রোববার (২২ জুন) চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ জানিয়েছে, চেকপোস্টে দায়িত্ব পালনের সময় বেপরোয়া গতিতে চালানো মোটর সাইকেল আটকাতে গিয়ে আলা উদ্দিন ট্রাকের নিচে পড়েন। তার পা কেটে ফেলতে হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এসআই মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে ট্রাক চালক-হেলপার ও দুই বাইক আরোহীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আসামীরা হলেন, মোঃ শহিদুল ইসলাম (২৬) (ট্রাক ড্রাইভার), আলী হায়দার (২০) (হেলপার) ওমর ফারুক তৌহিদ (২৩) মটর সাইকেল ড্রাইভার, ও মোঃ হাসান (২৪) (মটর সাইকেল আরোহী)। তাদের ২৩ জুন সকালে আদালতে প্রেরণ হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. তফিকুল আলম বলেন, মোটর সাইকেলে করে ইয়াবা পাচারের হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আটকানোর জন্য লোহাগাড়া থানা পুলিশ মহাসড়কে চেকপোস্টে বসিয়ে তল্লাশি করছিল। সেখানে একটি মোটর সাইকেলকে থামার সংকেত দেয়া হয়েছিল। কিন্তু সেটি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে চলে যায়। একই গতিতে পেছনে আরেকটি মোটর সাইকেল আসছিল। সেটিও সংকেত অমান্য করে চলে যাবার চেষ্টা করলে পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করেন।
তখন মোটর সাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। অন্যদিকে একইদিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন কনস্টেবল আলাউদ্দিন। ট্রাকটি অবশ্য দ্রুত গতি নিয়ন্ত্রণে নিয়ে থেমে যায়। ট্রাকের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। আরও তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে আঘাত তেমন গুরুতর নয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান বলেন,গতকাল ভোর ৬ টায় ঘটনাটি ঘটে। এ ব্যাপারে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।
মামলার বাদী এসআই মোঃ শরিফুল ইসলামকে বার বার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।
পুলিশ সদস্য বাইকআরোহীকে ধাক্কা দেওয়ায় ভিডিওটি নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। দোষী পুলিশ সদস্যের শাস্তিও দাবী করছেন অনেকেই।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
