ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের প্রতিবাদে চট্টগ্রামের চান্দগাঁও থানা ঘেরাও করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২০ জুন) সকাল ৯টায় নগরের চান্দগাঁও থানা ঘেরাও কর্মসূচি শুরু করেন দলের শতাধিক নেতাকর্মী।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির একটি মামলায় দলের চান্দগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে থানায় অবস্থান নেন নেতাকর্মীরা। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার অভিযোগ ছিল বলে জানায় থানা পুলিশ। তবে দলটির দাবি— হাবিবুর রহমানকে একটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় আটক করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের দাবি, মিথ্যা মামলায় তাদের নেতাকে আটক করা হয়েছে। গত এপ্রিল মাসে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ করে ইসলামী আন্দোলন। এরপর সেখানে চাঁদাবাজি হয়নি। তবে এতে ক্ষিপ্ত হন চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা। তারা হাবিবুর রহমানকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ আনেন।
ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, চাঁদা আদায়কে কেন্দ্র করে গঠিত একটি কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে হাবিবুর রহমানের নাম জড়ানো হয়। সেটিকে কেন্দ্র করে মামলা করেন একজন। সে মামলায় আটক কয়েকজনের ব্যাপারে গতকাল কথা বলতে এলে হাবিবুরকে আটক করে পুলিশ। পরে বাদী ১১ জন সাক্ষী নিয়ে থানায় এসে জানান, হাবিবুর এই মামলার আসামি নন। তখন তাকে মুক্তি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি বলেন, হাবিবুর রহমান নিজেই থানায় এসেছিলেন। আমাদের এক সোর্স জানায়, তিনি ওই মামলার আসামি। সেই তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করি এবং বাদীকে খবর দিই। পরে বাদী ১১ জন সাক্ষী নিয়ে থানায় এসে জানান, হাবিবুর এই মামলার আসামি নন। তখন আমরা তাকে মুক্তি দিই।’
চট্টগ্রাম নিউজ/ এসডি/
