চট্টগ্রাম নগরের বায়োজিদ লিংক রোডে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় জুনায়েদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের ফকিরহাট, কুম্বরপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ড থানাধীন বায়োজিদ লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা ৫নং ওয়ার্ডের ফকিরহাট রফিক সওদাগর বাড়ির মরহুম মো: জাফরের ছোট ছেলে। সে পেশায় টাইলস মিস্ত্রি ছিল বলে জানা যায়।
জানা গেছে, শুক্রবার বিকেলে ফকিরহাট এলাকা থেকে তিন বন্ধু—জুনায়েদ, মোমিন ও মারুফ মিলে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম শহরে ঘুরতে বের হন। পথিমধ্যে বায়োজিদ লিংক রোড এলাকায় পৌছালে পেছন থেকে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান জোনায়েদের মোটরসাইকেলকে ধাক্কা দেন। ঘটনাস্থলেই প্রাণ হারান জুনায়েদ। গুরুতর আহত অবস্থায় মোমিন ও মারুফকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামান।তিনি বলেন, বিকেলে বায়েজিদ লিংক রোডে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি ঘটনার স্থানটি সীতাকুণ্ড থানায় পড়ায় তারাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত জুনায়েদ টাইলস মিস্ত্রি ছিলেন এবং পরিবারে উপার্জনের একমাত্র ভরসা ছিলেন। অল্প বয়সেই বাবাকে হারানো এই যুবক পরিবারের সকল দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।
স্থানীয়দের মতে, জুনায়েদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মা ও ছোট ভাই-বোনদের ভবিষ্যৎ নিয়ে এখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
