আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাহসিকতার সঙ্গে তরুণী চলন্ত অটো থেকে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করেন। এতে গুরুতর আহত হলেও প্রাণে রক্ষা পান তিনি।
ঘটনাটি ঘটে বুধবার (১৮ জুন) বিকেলে আনোয়ারার বোয়ালিয়া এলাকায়। ভুক্তভোগী তরুণী বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি কেইপিজেড শিল্পাঞ্চলে চাকরির ইন্টারভিউ শেষে বাড়ি ফিরছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠলে কিছুদূর যাওয়ার পর তিনি লক্ষ্য করেন, অটোটি নির্ধারিত পথ ছেড়ে নির্জন দিকে যাচ্ছে।
এ সময় চালক মো. ফোরকান (২৫) ও তাঁর সহযোগী মো. হানিফ (৩২) তরুণীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। তরুণী চলন্ত অটো থেকে ঝাঁপ দিলে তাঁর মুখে আঘাত লাগে, একটি দাঁত পড়ে যায় এবং নাক-মুখ থেঁতলে যায়। স্থানীয়দের সহায়তায় তিনি চিকিৎসা নিয়ে সন্ধ্যায় আনোয়ারা থানায় অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। ফোরকান আনোয়ারার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের মো. সোলাইমানের ছেলে এবং হানিফ একই এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করি। ইতোমধ্যে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
আর এইচ/
