তারেক রহমান বাংলাদেশের নাগরিক এবং তিনি চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “উনি যেই সময় মনে করবেন, সেই সময় দেশে ফিরবেন।”
বৃহস্পতিবার (১২ জুন) গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সকাল ১১টার দিকে থানা পরিদর্শনে এসে উপদেষ্টা প্রথমে উপস্থিত সাংবাদিকদের মাস্ক প্রদান করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং অনুরোধ করেন, কোনো বক্তব্য যেন খণ্ডিতভাবে প্রচার না করা হয়।
তিনি বলেন, “আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। কোনো রিপোর্টে আমরা যেটা বলি সেটা পুরোটা দেবেন। পার্শ্ববর্তী দেশ এই রিপোর্টগুলো তাদের স্বার্থে ব্যবহার করে। এজন্য অনুরোধ করছি—আমার বক্তব্য সম্পূর্ণ প্রকাশ করবেন।”
এ সময় উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশে বলেন, “কোনো সময় আর খণ্ডিত রিপোর্ট দেবেন না তো?” উত্তরে সব সাংবাদিক প্রতিশ্রুতি দেন যে তারা আর খণ্ডিত রিপোর্ট করবেন না।
উপদেষ্টা আরও বলেন, “আমি যেই মাস্কগুলো দিলাম, অনেক সাংবাদিক ভাই সেগুলো পকেটে রেখে দিলেন। মাস্ক পকেটে নয়, নাকে রাখতে হবে। মাস্ক ব্যবহার করুন, অন্যকেও উৎসাহিত করুন।” একইসাথে পলিথিন বর্জন এবং জনসচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে লোক পুশ-ইন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি। পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন। আমাদের পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনারকেও জানানো হয়েছে।”
তিনি বলেন, “বাংলাদেশি কেউ যদি ভারতে থাকে, তাহলে তাকে প্রপার চ্যানেলে ফেরত নেওয়া যাবে। কিন্তু ভারতীয়রা জঙ্গলে, রাস্তায় লোকজনকে ফেলে দিয়ে যাচ্ছে—এটা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন।”
পুশ-ইন হওয়া ব্যক্তিদের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাদের পরীক্ষা করা হচ্ছে। এ সময় সাংবাদিকদের মাস্ক না পরার সমালোচনা করে বলেন, “আপনারা নিজেরাও মরবেন, অন্যকেও মারবেন। মাস্ক ব্যবহার করেন। আর দোয়া করবেন, ভালো থাকবেন।”
পরিদর্শন শেষে তিনি গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে বিজিবি ৬৩ ব্যাটালিয়নের প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন। এছাড়াও, গাজীপুরের শ্রীপুর উপজেলায় কৃষি বিভাগের একটি প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে তার।
এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন:হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম,গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান,অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন,জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক
সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আর এইচ/
