চট্টগ্রাম নগরের হালিশহর বড়পোল মোড় এলাকায় বেপরোয়া গতিতে চালানো একটি প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আড়ং শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের আনুমানিক বয়স ১৪ বছর। স্থানীয়রা জানিয়েছেন, ছেলেটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিল। তখনই দ্রুতগামী একটি সাদা রঙের হোন্ডা সিভিক (চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চালকের নাম তানিম (১৯)। সে নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ছেলেটা সাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ গতি নিয়ে আসা গাড়িটি তাকে ধাক্কা দেয়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে সে।” দুর্ঘটনার পর স্থানীয় জনতা গাড়িটি থামিয়ে চালককে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডাবলমুরিং থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “চালক অপ্রাপ্তবয়স্ক এবং তার বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারকে খবর দেওয়া হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আর এইচ/
