বোয়ালখালীতে দিনেদুপুরে গরু ব্যবসায়ীর ঘরের দরজার তালা কেটে নগদ ৭ লাখ টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণের গয়না নিয়ে গেছে চোরের দল।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের কেরানি বাজার মুন্সি মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটেছে।
গরু ব্যবসায়ী মো.ইদ্রিস জানান, দুপুর ১টার দিকে একই এলাকার নিজেদের পুরাতন বাড়িতে ঈদুল আযহা উপলক্ষে দাওয়াত খেতে গিয়েছিলেন স্বপরিবারে। বিকেল ৫টার সময় পরিবারের সদস্যরা ঘরে এসে দেখতে পান ঘরের মূল দরজার তিনটি তালা কাটা। বাড়ির প্রতিটি কক্ষের জিনিসপত্র এলোমেলো, আলমিরা ভাঙা। বাড়িটিতে তিনি ও তার বড় ভাই মো. জসিম পরিবার নিয়ে থাকেন।
তিনি বলেন, চোরের দল বাড়ির পাকা সীমানা প্রাচীর টপকে ভেতরে এসেছিলো। বাড়ির মূল দরজার তিনটি তালা, ৬টি কক্ষের তালা কেটেছে। ঘরের আলমিরায় রক্ষিত কোরবানির গরু বিক্রির নগদ ৭লাখ টাকা, ভাইঝি এবং দুই ভাইয়ের স্ত্রীদের সাড়ে ১১ ভরি স্বর্ণের গয়না নিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, একটি ফাঁকা বাড়িতে চুরির অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আর এইচ/
