মিরসরাইয়ে শত্রুতার জেরে দীঘিতে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ মারল দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২৯ মে) ভোরে উপজেলার ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী এলাকায় স্থানীয় ইউপি সদস্য রহিম উদ্দিন মুক্তারের মৎস্য প্রকল্পের দীঘিতে এই ঘটনা ঘটেছে।
মৎস্যচাষী রহিম উদ্দিন মুক্তার বলেন, দীর্ঘ সময় ধরে প্রবাসে থাকার পর ভাগ্যের চাকা ঘুরাতে ২০১৪ সালে মৎস্য ব্যবসার সাথে জড়িত হই। এলাকায় ১ একর ৭০ শতক দীঘি বন্ধক নিয়ে রুই, পাঙাস, মৃগেল, ব্রিকেট, শিং, কার্প জাতীয় ও মিশ্র মাছ চাষ শুরু করি। বৃহস্পতিবার ভোর ৫টায় আমার বড় ভাই দিলদার কোম্পানী প্রকল্প এলাকায় ঘুরে সব স্বাভাবিক দেখে আসে। ৬টায় দিকে স্থানীয় আবুল কাশেম আমাকে ফোন করে জানান দীঘির মাছগুলো মরে ভেসে উঠছে। দৌড়ে গিয়ে দেখি মরে সব মাছ ভাসছে। শত্রুতার জেরে কে বা কারা বিষাক্ত বিষ ঢেলে দিয়েছে দিঘীতে।
এ মৎস্য চাষী আরও বলেন, দীঘিতে প্রায় ১৩ টন মাছ ছিল। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। খাদ্যের দোকানে টাকা বকেয়া, ১২ লাখ টাকা ব্যাংক ঋণ রয়েছে। কী ভাবে পরিশোধ করবো বুঝতে পারছিনা। আমার সব শেষ হয়ে গেছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম জানান, ইছাখালীতে বিষ দিয়ে মাছ মারার বিষয়টি সম্পর্কে অবগত নই। তারপরও আমি খোঁজ খবর নিয়ে দেখছি। থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর এইচ/
