সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষে কলিম উদ্দিন নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার ছোট দারোগারহাট বাজারে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট দারোগারহাট বাজারের একটি দোকানে স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মীর মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। শুরুতে বিষয়টি মীমাংসা হলেও পরে দ্বিতীয় দফায় আবারও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় কলিম উদ্দিন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় যুবদলের আরও দুই কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আরও জানান, দুই মাস আগেও উপজেলার টেরিয়াইল এলাকায় যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কলিম উদ্দিনের মাথায় মারাত্মক আঘাত লেগেছিল।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘দুই পক্ষের বিরোধের জেরে কলিম উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
আর এইচ/
