চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার ২২ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ মে) সকাল সাড়ে ৬টার দিকে চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। যেসব মামলায় তারা অভিযুক্ত, তার মধ্যে রয়েছে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য ব্যবহার, সংঘবদ্ধ হামলা, মারধর ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—চান্দগাঁও থানার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মো. আকতার হোসেন খোকন (৪৫), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি মো. মোক্তার হোসেন রাজু (২৬), ইসমাইল হোসেন ওরফে লেদু (৩৫), ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন (৪০), মো. রুবেল (২৬)।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে এবং বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
আর এইচ/
