প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রংপুরে নির্মিত আসন্ন এক হাজার শয্যার হাসপাতাল নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তিনি আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা এবং সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সোমবার (১২ মে) ঢাকায় নেপাল দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে, নেপালের ফেডারেল পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ ও নেপাল জলবিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। তিনি বিশেষভাবে গত অক্টোবর মাসে সই হওয়া বাংলাদেশ-নেপাল-ভারত ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তির উল্লেখ করেন, যার মাধ্যমে নেপাল থেকে ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা হবে। তিনি এ বিষয়ে উদ্যোগের আরও সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন এবং জলবিদ্যুৎ খাতে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেন।
দ্বিপক্ষীয় আলোচনা আরও গভীর হয়েছে ভৌত যোগাযোগ বৃদ্ধির বিষয়ে। প্রধান উপদেষ্টা বলেন, “নেপালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের উন্নতি বাণিজ্য ব্যয় কমিয়ে আনবে এবং এ অঞ্চলের মানুষের জন্য পণ্য ও সেবার সহজ প্রবাহ নিশ্চিত করবে।”
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান।
আর এইচ/
