সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশযাত্রা সংক্রান্ত ঘটনার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকাল ১০টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় তিনি ইমিগ্রেশনে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভোগান্তির কথা শোনেন। এ সময় ইমিগ্রেশন পয়েন্টে দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্যকে উদ্দেশ করে তিনি বলেন, ‘স্যুট পইরা আইলে ছাইড়া দিবা আর অন্যদের আটকায়ে রাখবা তা কইরো না, একটু খেয়াল রাইখ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক রাষ্ট্রপতির বিদেশযাত্রা নিয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকজনকে সাসপেন্ড ও অ্যাটাচ করা হয়েছে।”
এই ঘটনায় কোনো নিষেধাজ্ঞা ছিল কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এসবির পক্ষ থেকে আদৌ নিষেধাজ্ঞা পাঠানো হয়েছিল কি-না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আপনারা বললেন, আমি খোঁজ নিয়ে দেখব। তদন্ত কমিটি এই বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখবে।”
ইমিগ্রেশন ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমি ২০১১ সালের পর বিদেশে যাইনি। এবার এসে দেখলাম, আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।”
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, “ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান। সরকার আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। তবে ইন্টারপোল আন্তর্জাতিক আইন অনুযায়ীই ব্যবস্থা নেয়।”
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান ব্লকেড প্রসঙ্গে তিনি বলেন, “সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়, সে ব্যাপারে সাংবাদিকদেরও সচেতনতা তৈরিতে ভূমিকা রাখা উচিত। দাবিগুলো অযৌক্তিক বলব না। আন্দোলন যেন এমন স্থানে হয় যেখানে জনদুর্ভোগ হবে না, সেটাই কাম্য।”
আর এইচ/
