বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন জানিয়েছে, তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে এবং আগামী জুন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
আজ বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তদন্ত কমিশনের সদস্যরা। সেখানে তারা তদন্তের অগ্রগতি সম্পর্কে তাঁকে অবহিত করেন।

কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান বলেন, “আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ঘটনা ১৬ বছর আগের, তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে কিছুটা সময় লাগছে। অভিযুক্তদের অনেকে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
তিনি আরও জানান, “তদন্তের স্বার্থে আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। বিদেশে অবস্থানরত ২৩ জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, এর মধ্যে ৮ জন সাক্ষাৎকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।”
হত্যাকাণ্ডের ধরন বিশ্লেষণ করে তিনি বলেন, “আমরা খুন ও নির্যাতনের প্যাটার্ন নিয়ে কাজ করছি। ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পনা ছাড়া এমন নৃশংসতা সম্ভব নয়। এটি যেন এক পলাশীর পুনরাবৃত্তি।”
কমিশনের আরেক সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “এ ধরনের জঘন্য হত্যাকাণ্ডের পরও একজন কর্মকর্তাকেও অপসারণ করা হয়নি, কাউকে দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা।”
প্রধান উপদেষ্টা বলেন, “নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই হত্যা করা হয়েছিল। এটি অত্যন্ত মসৃণভাবে সংগঠিত একটি হত্যাকাণ্ড। তদন্ত কমিশনের ওপর জাতির আস্থা রয়েছে, আপনাদের এই রহস্যের জট খুলতেই হবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন তদন্ত কমিশনের সদস্য বিগ্রেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন ও এ টি কে এম ইকবাল।
আর এইচ/
