চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আহত ওই ছাত্রলীগ কর্মীর নাম শাওন হোসেন, তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের ‘সিএফসি’ গ্রুপের সক্রিয় কর্মী।
সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় ছাত্রদল। এরপর তাকে মারধর করে ক্যাম্পাসের সেন্ট্রাল ফিল্ডে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে হস্তান্তর করা হয়। পুরো ঘটনার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।
ছাত্রদল দাবি করে, পূর্বে এক কর্মীকে মারধরের ঘটনায় শাওন জড়িত ছিলেন। যদিও শাওনের ভাষ্য, তিনি আন্দোলনের পর বাড়ি চলে যান এবং এর পর থেকে আর কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী শামিম বলেন, “শাওনের সাথে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। তবে তাকে মারধর করা হয়নি, কেবল জিজ্ঞাসাবাদ করা হয়।”
পুলিশ বক্স থেকে শাওনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়। পরে প্যানিক ডিসঅর্ডারের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানিয়েছেন, শাওন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
