যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ঘোষণায় জানিয়েছেন, চীন বাদে বিশ্বের অন্যান্য দেশের উপর আরোপিত উচ্চহারের শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে চীনের উপর শুল্ক বাড়িয়ে তা ১২৫ শতাংশে উন্নীত করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, আপাতত অন্যান্য দেশের পণ্যে আগের ১০ শতাংশ শুল্কই বহাল থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, চীন আন্তর্জাতিক বাজারে ‘অশ্রদ্ধাশীল আচরণ’ করছে, এবং সেই কারণেই এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন শেষ। শুল্ক বৃদ্ধির মাধ্যমে আমরা সেটা পরিষ্কার করছি।” তিনি আরও জানান, ইতোমধ্যেই ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে।
সম্প্রতি ট্রাম্পের নানা নীতির বিরুদ্ধে আমেরিকাজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্কসহ বড় শহরগুলোতে জনতা তার বাণিজ্যনীতি, বিশেষ করে শুল্ক নীতির প্রতিবাদে রাস্তায় নেমে আসে।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শুল্কযুদ্ধ ইতোমধ্যেই তীব্র হয়েছে। চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্র শুল্ক প্রথমে ২০ শতাংশ আরোপ করে, পরে তা একাধিক ধাপে বাড়িয়ে ১০৪ শতাংশে পৌঁছে। পাল্টা প্রতিক্রিয়ায় চীনও মার্কিন পণ্যে ৮৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে।
ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পরে বিশ্বজুড়ে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে। ‘এস অ্যান্ড পি ৫০০’ এবং ‘ন্যাসড্যাক’ সূচক ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসান্ট নিশ্চিত করেছেন, কানাডা ও মেক্সিকোও এই ৯০ দিনের শুল্কছাড়ের আওতায় থাকবে।
