চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার একটি বাসায় চুরির ঘটনায় হওয়া মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা পেশাদার চোরচক্রের সদস্য।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে একই থানার বাড়ইপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন—মো. শরিফুল ইসলাম ইমন (১৯), মো. আমিনুল হক সুমন (২৮) এবং মো. আকাশ (২৬)।
পুলিশ জানায়, বাড়ইপাড়া এলাকার একটি ভবনের বাসিন্দা পিংকী নামে একজন নারী থানায় এজাহার দেন, গত ৩০ মার্চ সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে তার বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোন চুরি হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, চুরির ঘটনায় হওয়া মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
