চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মোহরা পুলিশ বক্সের সামনে পাঁচ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।চেকপোস্টে সিএনজি থামিয়ে তল্লাশি চলাকালে আটক ব্যাক্তিরা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন—পটিয়া থানার চরকানাই গ্রামের মনছুর আম্মেদের ছেলে মো. মোরশেদ (৩১) এবং বোয়ালখালী উপজেলার ডলিপাড়া গ্রামের জব্বার সওদাগরের বাড়ির মো. করিম (৩৮)।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) অসিত নাথ, আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহরা ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দেন তারা। ওই সিএনজিতে ছিলেন একজন মহিলা এবং দুজন পুরুষ যাত্রী। তাদের তল্লাশি করাকালে দুই পুরুষ যাত্রী উত্তেজিত হয়ে যান। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আটক মোরশেদ ও করিম সিএনজি থেকে নেমে গালাগাল করছেন পুলিশ সদস্যদের। তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘আমি কি ভেসে এসেছি নাকি?’ পাশ থেকেই একজন কনস্টেবল ঘটনার ভিডিওচিত্র ধারণ করছিলেন। এ সময় উত্তেজিত হয়ে তার দিকে ‘ভিডিও কর’ বলে তেড়ে গিয়ে হামলা করেন এক যাত্রী।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
