বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে গত ২৪শে ডিসেম্বর দিবাগত রাতে ত্রিপুরা সম্প্রদায়ের ১৬টি বসতবাড়িতে অগ্নিসংযোগের সাথে জড়িতদের ছাড় নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদিপ চাকমা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি সরই ইউনিয়নের পূর্ব বেতছড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেন,পরে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের জনসাধারণের সাথে মতবিনিময় কালে অগ্নিকাণ্ডের সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেন।
পার্বত্য উপদেষ্টা অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস।
তিনি বলেন প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগীতার জন্য পার্বত্য মন্ত্রণালয় কে নির্দেশনা দিয়েছেন এছাড়া,জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে নিজ নিজ অবস্থান হতে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে বলেন।

এসময় বিরোধপূর্ণ জায়গার অধিকার প্রসঙ্গে পার্বত্য উপদেষ্টা সুপ্রদিপ চাকমা বলেন, আইনের একটি নির্দিষ্ট গতিপথ আছে,জেলা প্রশাসক ও পুলিশ সুপার সব শুনেছেন তারা আইনের সঠিক ব্যাবহার করে সঠিক জায়গায় এই জায়গা গুলো হস্তান্তরের উদ্যোগ নিবেন।
এসময় পার্বত্য উপদেষ্টা সুপ্রদিপ চাকমা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, ২৫ কেজি চাল, দু’টি কম্বল বিতরণ করা করেন।
পার্বত্য উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, লামা উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ প্রাঃ) রূপায়ণ দেব সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
প্রসঙ্গত গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে পূর্ব-বেতছড়া পাড়ায় ত্রিপুরা পল্লীতে দুর্বৃত্তরা আগু লাগিয়ে দেয় এতে ১৬টি ঘরবাড়ি আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত গুঙ্গামনি ত্রিপুরা। পুলিশের অভিযানে অগ্নিসংযোগের সাথে সম্প্রিক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইব্রাহিম, স্টিফেন ত্রিপুরা, মসৈনিয়া ত্রিপুরা, যোয়াকিম ত্রিপুরা সহ ৪ জনকে।অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান আছে।
আর এইচ/
