দীর্ঘ তিন মাস পর দলীয় পদ ফিরে পেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
বুধবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান এর প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিলো। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।
উল্লেখ্য, গত ১ লা সেপ্টেম্বর চট্টগ্রামের শীর্ষ বিএনপি নেতাদের তদারকিতে এস আলম গ্রুপের মালিকানাধীন ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছিলো। এর আগে ৩১ আগস্ট এস আলমের গাড়ি সরানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। নোটিশ পাওয়া বিএনপি নেতারা হলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া। এর একদিন পরই পুরো কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় দলটির শীর্ষনেতৃত্ব।
আর এইচ/
