সীতাকুণ্ড উপজেলার বগাচতর ভূঁইয়ারহাট খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মেধাবী ছাত্র রায়হান উদ্দিন রাজুর(২৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে পূর্ব সৈয়দপুর গ্রামের আব্দুল লতিফ মৌলভী বাড়ির ওমান প্রবাসী সলিমুল্লাহ খান প্রকাশ খান সাহেবের ছেলে এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসির) শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে একই ইউনিয়নের ভূঁইয়ার হাট বগাচতর এলাকার একটি খালে মাছ ধরতে যায় রাজুসহ একই গ্রামের ৩০/৩৫ জন যুবক। খালে জাল মারার একপর্যায়ে প্রবল পানির স্রোতে তলিয়ে যায় রাজু। এ সময় অন্যরা তাকে অনেক খুঁজেও উদ্ধার করতে পারেনি। আধা ঘণ্টা পর সাগরে জেলেরা জাল ফেলে তার নিথর দেহ উদ্ধার করে। সেখান থেকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন বলেন, ‘রাজুকে উদ্ধার করে আমরা সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে রাজু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুর ঘটনাটা অত্যন্ত দুঃখজনক।’
