অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বানবাসী মানুষরা যাতে সাহস না হারায় সেজন্য আমাদের সবাইকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে।
শনিবার (২৪ আগস্ট) বিকালে রাঙ্গামাটির বাঘাইছড়ির বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দেয়ার সময় তিনি এ কথা বলেন।
তিনি জানান, বন্যাদুর্গত মানুষের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিকতার কোনো ঘাটতি নেই। পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করা হবে।
ত্রাণ সহায়তা হিসেবে প্রায় ২ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
