নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোড এলাকায় মোহাম্মদ হাসান (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে দশটার মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
হাসান আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাজীর বাড়ীর ফজল আহমেদের ছেলে। বর্তমানে সাত মসজিদ এলাকায় ভাড়া থাকেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশীর সূত্রে জানা যায়, রাতে হাসান নামাজ পড়তে যাওয়ার সময় মোহাম্মদপুর মসজিদ হাউজিংয়ের নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
