চট্টগ্রামের চাক্তাই এলাকায় তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং আবাসিক ভবনের নিচতলায় চুল্লি বসিয়ে সেমাই তৈরির দায়ে ভবন মালিক মোহাম্মদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে উক্ত সেমাই কারখানা বন্ধ করে দেয়া হয়। এরপর লাকী ডাল মিলে মানুষের খাবার অনুপযুক্ত ডাল ভাঙানো এবং প্যাকেট করার অভিযোগে ম্যানেজার সুজন চৌধুরীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কামাল সওদাগরের ফ্যাক্টরিতে বসে ক্ষতিকর ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য পোল্ট্রি ফিড এবং মাছের খাদ্যের সাথে মেশানোর দায়ে ম্যানেজার মো: আবু তালেবকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং এসকল বর্জ্য মিশ্রিত পোল্ট্রি ফিড আগামী ৩ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, রমজান মাসে বাজার মনিটরিং ও ভেজালবিরোধী অভিযান জোরদার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এর অংশ হিসেবে চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
