এ যেন এক সিনেমার কাহিনী। কর্ণফুলীর জুলধার দুধ বেপারি নাজেমের বসতবাড়ি ডাকাতি হয়েছিল আজ থেকে ঠিক ২৬ দিন আগে। ঘটনার সপ্তাহখানেকের মধ্যেই সন্দেহজনক আনোয়ারা উপজেলার নুর মোহাম্মদ (৫৫) কে গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নিলেও তেমন কোন তথ্য বেরিয়ে আসেনি।
কিন্তু গতকাল জুলধার পাইপের ঘোড়া বাজার থেকে মামলার বাদি নাজেমের আপন ভাগিনা মো. নুর নবী (৩০) কে আটক করে পুলিশ এক দিনের রিমান্ডে নিলে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য।
এক্ষেত্রে মামলার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ রানা জানায়, গ্রেপ্তার আসামী নুর নবী ঘটনার ১৫ দিন পূর্বেই তার স্ত্রীসহ মামার (বাদি) বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। এমনকি দুই দিন মামার বাসায় অবস্থান করে সব গতিবিধি নজরে নেন।
এমনকি ওই সময় মামাতো বোন তাঁর রুমে নগদ টাকা ও স্বর্ণ অলংকার রাখতে দেখে ফেলেন নুরনবী। পুলিশ বলছে, এ দিনেই ডাকাতির পরিকল্পনা করেছিলো ভাগিনা।
সেই মতেই গত ১৫ই ফেব্রুয়ারি গভীর রাতে কর্ণফুলীর জুলধা ইউনিয়নের দুধ বেপারী মো. নাজেম (৪৮) এর একতলা বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা সব ২৫ থেকে ৪৫ বছরের বয়েসি ছিলেন। সবার হাতে ছিল দেশীয় অস্ত্র। মুখে মাস্ক, হাফ প্যান্ট, গায়ে হাফ হাতা গেঞ্জি, পায়ে ও হাতে মোজা। মাথায় পাগড়ির মত গামছা বাঁধা ছিলো।
পুলিশ আরও জানায়, ডাকাতির ঘটনাকালে গ্রেপ্তার নুর নবীকে বাড়ির আশেপাশে ঘুরাফেরা করতে দেখেছেন স্থানীয়রাও।
ডাকাতেরা ঘটনার দিন পরিবারের সবাইকে হাত পা বেঁধে রুমে আটকে রেখে প্রায় ৩ ভরি স্বর্ণ, দুই লক্ষ নগদ টাকা, দুটি মোবাইল ফোনসহ কাপড় চোপড় লুট করে নিয়ে যান।
এ ঘটনায় বাড়ির মালিক মো. নাজেম বাদি হয়ে ১০/১২ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা করেন। যার জিআর মামলা নং-২৭।
সোমবার (১১ মার্চ) বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন (অতিরিক্ত চীফ) ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার গ্রেপ্তার নুর নবীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, নুর নবীর (৩০) কর্ণফুলীর জুলধা ৮ নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে। মামলার বাদি মো. নাজেম এর আপন ভাগিনা হন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদি মো. নাজেম (৪৫) ও তাঁর স্ত্রী ছানোয়ারা বেগম বলেন, ‘নুর নবী সম্পর্কে আমাদের ভাগিনা হয়। সে ঘটনার আগে বিভিন্ন সময় আমাদের ঘরে এসে টাকা পয়সা ও স্বর্ণা অলঙ্কারের কথা জিজ্ঞেস করতো। ঘটনার দিনও বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখেছি।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘ডাকাতির অভিযোগে সন্দেহজনক এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামির ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) চেক করে জানা যায়, তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় আরও একাধিক মামলা রয়েছে।’
