চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। এতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের ড্রাইভার ও হেলপার।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পণ্যবাহী ট্রাকটি পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে টানেলের ভেতর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে টানেলে গায়ে ধাক্কা লাগে। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায় ও ট্রাকের সামনে অংশ ভেঙে যায়। এছাড়াও ট্রাকটির ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল-ট্রাফিক) তানভীর রিফা জানান, সন্ধ্যায় পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের গায়ে ধাক্কা দেয়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। সঙ্গে সঙ্গে টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাকটি জব্দ করেন।
