লোহাগাড়ায় বাসের-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হাবিব (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুযারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চুনতী জাঙ্গালিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মো. হাবিব আধুনগর কুলপাগলি এলাকার মো. বাবুলের ছেলে। তিনি পলিটেকনিক্যাল কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।
নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, হাবিব আজিজনগর টার্ফে একটি ম্যাচ খেলতে যাচ্ছিল। এমন সময় একটি চট্টগ্রামগামী মারসা পরিবহনের বাস এসে মোটরসাইলকেলে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। তার পেছনে বসা জাবেদ নামের আরও একজন আহত হয়েছে। তবে সে তেমন গুরুতর আঘাত পায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, বাস মোটরসাইকেল সংঘর্ষে এক শিক্ষার্থী ঘটনাস্থলে মারা গেছে। আমরা মারসা পরিবহনের বাসটি আটক করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পলাতক রয়েছে।
