রাঙামাটির সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি গাড়িতে গুলি ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সাজেকের শুকনাছড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে খাগড়াছড়িতে আজ সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে। এর মধ্যে সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে তারা গুলি চালায়। এক রাউন্ড গুলি ছোড়া হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই স্থানে পর্যটকবাহী একটি মাহেন্দ্রা, একটি পিকআপ এবং একটি প্রাইভেট কার ভাঙচুর করে ইউপিডিএফ সমর্থিত নেতাকর্মীরা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক জানান, ঘটনাটি রাঙ্গামাটি ও দীঘিনালা সীমান্ত এলাকায় ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যায়। তিনটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
