বোয়ালখালীতে মোটরসাইকেলের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হয়েছে।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী ২নং ওয়ার্ড শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো, পূর্ব গোমদণ্ডী মো. মহমুদুল হকের ছেলে মো. হানিফ (১৯), মো. বাবুলের ছেলে আরমান (১৯), মো. ইরফান (১৬), মো. সরোয়ার (৩৫), রিজিয়া বেগম (৫০) ও উম্মে হাবিবা (২৩)।
অটোরিক্সাচালক মো. সরোয়ার বলেন, আমি আমার দিকে রিক্সা চালাচ্ছিলাম। সড়কের অপরদিক থেকে মোটরসাইকেলটি এসে আমার রিক্সাতে ধাক্কা দেয় এবং আমার রিক্সাতে থাকা যাত্রীরাসহ আমি আহত হই।
রিক্সাতে থাকা রিজিয়া বেগম বলেন, আমরা একটি দরবারে যাচ্ছিলাম। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আমি আর আমার বোন আহত হই।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গোরস্থানের টেকে একটি খেলা দেখে আসার সময় শরীফ পাড়া এলাকায় অটোরিক্সার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের চিকিৎসা দেয়া হয় বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন।
