আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একটি ভিশন নিয়ে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।
আমাদের এত উন্নয়ন ও অগ্রগতির পথে অন্তরায় সম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতা ডালপালা বিস্তার করছে। আমাদের উন্নয়নের পথে তারা বাধা সৃষ্টি করছে।
শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধ বেদিতে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বাংলাদেশে নির্বাচনের যারা বিরোধিতা করছে, তারা শুধু সাম্প্রদায়িকতাই কায়েম করতে চায় না; তাদের উদ্দেশ্য হলো- রাজনীতিকে ধ্বংস করা।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালি জাতিকে আশাবাদী করে তোলেন। গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান।
এরপর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আজকের বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতিতে নতুন নতুন সমৃদ্ধি পেয়েছে।
বিশ্বে আজ ৩৫তম অর্থনীতির দেশ বাংলাদেশ। দারিদ্র্যসীমার হার অনেক নিচে নেমে এসেছে। হতদরিদ্র ৫ শতাংশ। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি, আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ।
