চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অভিযান চালিয়ে চোরাই ডিজেল ও মবিলসহ দুজনকে আটক করেছে র্যাব-৭। এসময় ১ হাজার ৩৬০ লিটার ডিজেল এবং ২৮০ লিটার মবিল জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে পতেঙ্গা থানাধীন সী-বিচ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পতেঙ্গা থানার দক্ষিণপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মো. সুলাইমান (২৯) ও একই এলাকার মো. সোবহানের ছেলে মো. নেজাম (২৪)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযানে উদ্ধারকৃত চোরাই ডিজেল এবং মবিলের আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ ও জ্বালানি বহনকারী লরি থেকে অকটেন, ডিজেল এবং মবিল সংগ্রহ করে। এগুলো তারা পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
