আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২২ নভেম্বর বুধবার দুই রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার সাতজনসহ এই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ২১ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী। তিনি চট্টগ্রাম নিউজকে বলেন, মহানগরীসহ চট্টগ্রামের ১৬ আসনে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম চলছে।
জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। নির্বাচনে অংশ নিতে ২২ নভেম্বর (বুধবার) সাতটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পদপ্রার্থীরা। এর আগে এই কদিনে আরো ১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের ২১টি মনোনয়নপত্রের মধ্যে চট্টগ্রাম-০১ (মিরসরাই) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীলিপ বড়ুয়া, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বর্তমান সংসদ সদস্য তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, আওয়ামী লীগের মোহাম্মদ শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী শিমুল ধর, মো. রিয়াজ উদ্দিন চৌধুরী ও গোলাম নওশের আলী, চট্টগ্রাম-০৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের লায়ন মোহাম্মদ ইমরান ও মো. সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের ভিপি নাজিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাঁর ব্যক্তিগত সহকারী মো. এমরুল করিম রাশেদ হাছান মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনএফ এর প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ। চট্টগ্রাম-১০ (খুলশী, পাহাড়তলী, হালিশহর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির মো. ফেরদাউস বশির। চট্টগ্রাম-১১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাসদের মো. জসিম উদ্দিন।
চট্টগ্রাম-১২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনের বর্তমান সাংসদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ হাবীবুল হক চৌধুরী এবং ওসমান গণি।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তাঁর পক্ষে মো. আবু তালেব মনোয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া- লোহাগাড়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন। তাঁর পক্ষে জরজিস আহমদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান সিআইপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আজিজুল হক।
প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষদিন ৩০ নভেম্বর।
মনোনয়নপত্র যাছাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। আপিল শুনানি ৬ থেকে ১৫ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।
