প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সিইসির ওই ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় তফসিল ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করবেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। এরপর বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৈঠকে বসবে। বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি।
ওই ভাষণেই তফসিল সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে। সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে।
এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে পুলিশের মহড়াও দেখা গেছে। এছাড়া কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি বন্ধ করা রয়েছে।
