বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস নির্বাচন কমিশনে গেছেন। সেখানে তিনি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছান পিটার হাস।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের সঙ্গে বৈঠক করছেন পিটার হাস।
বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইনস রয়েছেন। ধারণা করা হচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
তাদের এই বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি নির্বাচন কমিশন কর্মকর্তারা।
এর আগে গত পহেলা আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত পিটার হাস।
