দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশকে আরও উন্নত করতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সরকার মুক্তবাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসস জানিয়েছে, রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘কমনওয়েলথ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড ফোরাম ২০২৩’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করে সরকারপ্রধান এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ স্বাক্ষর করার চেষ্টা করছি, যা ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশকে আরও সহজ করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।
দুই দিনের এই সম্মেলন বাংলাদেশ সরকারের বিনিয়োগ প্রসারের লক্ষ্যকে এগিয়ে নিতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই ফোরাম দেশের অর্থনৈতিক অর্জন ও গতিশীল শিল্প খাতের সম্ভাবনা তুলে ধরবে এবং প্রতিশ্রুতশীল দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল-সিডব্লিউইআইসি এর চেয়ারম্যান লর্ড মারল্যান্ড।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেডআই ফাউন্ডেশনের অংশীদারত্বে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি) এই ফোরাম সম্মেলনের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং কমনওয়েলথ দেশগুলোর কৌশলগত উপদেষ্টা জিল্লুর হোসেনও এতে অনেকে বক্তব্য।
অনুষ্ঠানে টেকসই ও পরিবেশবান্ধব বিনিয়োগ প্রসারের লক্ষ্যে ২০২২ সালে প্রবর্তিত দ্বিতীয় ‘কমনওয়েলথ-বাংলাদেশ বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
উগান্ডার ‘ইকো ব্রিকস’ বিজয়ী হওয়ায় এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে কমনওয়েলথ ব্যবসা ও সুযোগের ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়। দুই দিনের ফোরামে বিভিন্ন দেশের ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের ১২টির বেশি সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে।
