অ্যাকিলিসের চোটে পুরো বছরই মাঠের বাইরে থাকার কথা ছিল কেশভ মহারাজের। কিন্তু অবিশ্বাস্যভাবে সেরে ওঠে এরই মধ্যে খেলায় ফিরেছেন তিনি। বাঁহাতি এই স্পিনারকে বিশ্বকাপ দলেও রেখেছে দক্ষিণ আফ্রিকা।
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা। যেখানে অধিনায়ক টেম্বা বাভুমাসহ ৯ জনই প্রথমবারের মতো ওয়ানডের বৈশ্বিক আসরে খেলতে যাচ্ছেন।
স্কোয়াডে থাকাদের মধ্যে ওয়ানডে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে কুইন্টন ডি কক, হাইনরিখ ক্লসেন, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও রাসি ফন ডার ডাসেনের।
কেবল দুটি ওয়ানডের অভিজ্ঞতা নিয়েই বিশ্বকাপে খেলার
হাতছানি ২২ বছর বয়সী পেসার জেরল্ড কুটসিয়ার সামনে। ৭ ওয়ানডে খেলা সিসান্ডা মাগালা ও ৯ ওয়ানডে খেলা মার্কো
ইয়ানসেনকেও দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তাদের সঙ্গে বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন অভিজ্ঞ এনগিডি, নরকিয়া ও রাবাদা।
গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে অ্যাকিলিসে চোট পান মহারাজ। এতে তার বিশ্বকাপে খেলা নিয়ে জেগেছিল প্রবল শঙ্কা। কিন্তু সবাই অবাক করে দিয়ে দ্রুতই সেরে ওঠেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গত রোববার টি-টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন মহারাজ। দুই দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও আছেন এখন পর্যন্ত এই সংস্করণে ২৭ ম্যাচ খেলা ৩৩ বছর বয়সী ক্রিকেটার।
মহারাজের সঙ্গে স্পিন বিভাগ সামাল দেবেন বাঁহাতি রিস্টস্পিনার তাবরেজ শামসি। তৃতীয় স্পিনার হিসেবে কাজ চালাবেন এইডেন মারক্রাম। কিপার-ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে ডি কক ও হাইনরিখ ক্লসেনকে। আসছে বিশ্বকাপ শেষেই ওয়ানডে ক্রিকেটকে
বিদায় বলে দেবেন এই সংস্করণে এখন পর্যন্ত ১৪০ ম্যাচ খেলে ৪৪.৮৫ গড়ে ৫ হাজার ৯৬৬ রান করা ডি কক।বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আরও আছেন রিজা হেনড্রিকস, মিলার ও ফন ডার ডাসেন।
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত ১৯ সদস্যের দল থেকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি দুই ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস ও ট্রিস্টান স্টাবস, পেসার ওয়েইন পার্নেল ও বাঁহাতি স্পিনার বিয়ন ফোরটানের।
আগামী ৭ অক্টোবর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল: টেম্বা বাভুমা, জেরল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসি ফন ডার ডাসেন।
