চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গহীন পাহাড়ি এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৭। সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলার ছিন্নমূল পাথরিঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছিন্নমূল এলাকার নুরুল আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৯) ও একই এলাকার মো. ইউসুফের ছেলে মো. ইমন (২৪)।
র্যাব জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছিন্নমূল এলাকায় দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালায় র্যাব। যেহেতু এলাকাটি দুর্গম, সেহেতু সেখানে অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র তৈরির সঙ্গে জড়িতরা সতর্ক হয়ে যেতেন। একারণে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা ছিল কঠিন বিষয়। সবশেষ র্যাবের একটি দল পাহাড়ি এলাকার ভেতর দিয়ে বিশেষ কৌশলে ঘটনাস্থলে প্রবেশ করে। এতে চক্রের সদস্যরা টের পায়নি। এরপর র্যাব কারখানার অবস্থান নিশ্চিত হয়ে বাগান বাড়ির টিনের দোচালা ঘরে অভিযান পরিচালনা করে তিনটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ৮ বছর ধরে আগ্নেয়াস্ত্র তৈরি করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এড়াতে তারা মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করেও থাকেন। গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ মোট ৮টি মামলা পাওয়া যায়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
