মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দূর্ঘটনায় নিহত ফটিকছড়ির হাসান উল্লাহর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকাল ৪ টায় নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাযা শেষে সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুরে লাশ বাড়িতে নিয়ে এলে স্বজনরাদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। তখন এলাকার শত শত নারী পুরুষ লাশ দেখতে ভিড় জমায়।
নিহত হাসান উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার বুদা গাজী বাড়ির বীর মুক্তিযোদ্ধা আমীর ফজলের কনিষ্ট পুত্র।
পরিবারে ৬ ভাই-বোনের মধ্যে হাসান সবার ছোট। বিগত দুই বছর ধরে কাজের তাগিদে সে ওমানে থাকতো।
৫ আগস্ট রাতে ওমানের রিসিল নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনার শিকার হয় সে।সেদেশে স্থানীয় হাসপাতালে পাঁচ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করে হাসান।
জানাগেছে, এদিন কাজ শেষে বাসায় ফেরার পথে ওমানের রিসিল নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পুলিশ এসে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
